দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এক দিনে ডেঙ্গু রোগীর এই সংখ্যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি ৬৬৯ জন রোগী ভর্তি হয়েছিল গত বছরের ৫ ডিসেম্বর। এরপর গত ৯ মাসের মধ্যে আর কোনো দিনই ডেঙ্গু রোগী ৬০০-এর ঘর পার হয়নি।
এ নিয়ে এ মাসের গত ৯ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৪৪ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮৩ জন করে রোগী পাওয়া গেছে। অথচ এখনো বছরের সর্বোচ্চ ডেঙ্গুর মাস গত আগস্টে প্রথম ৯ দিনে রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৪৩ জন। সে হিসেবে এ মাসে রোগী গত মাসের প্রায় তিন গুণ বেশি। গত মাসে প্রথম ৯ দিনে দৈনিক গড় রোগী ছিল ১৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৭ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০৪ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ৬০, বরিশালে ২৪, রাজশাহীতে ১৩, ময়মনসিংহে ৬ ও রংপুর বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ৬৪ শতাংশ বা ৩৯২ জন পুরুষ ও ২২৩ জন বা ৩৬ শতাংশ নারী। এসব রোগীর মধ্যে ১১১ জনের বয়স ২১-২৫ বছর, ৯০ জনের বয়স ২৬-৩০, ৬৩ জনের বয়স ১৬-২০ ও ৫০ জনের বয়স ৩১-৩৫ বছরের মধ্যে। রোগীদের ৬৪ জন ০-১০ বছর বয়সী শিশু।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। ৬১-৬৫ বছর বয়সী মারা যাওয়া রোগী একজন নারী। এ নিয়ে এ মাসের গত ৯ দিনে ডেঙ্গুতে ১৪ জন মারা গেল। বছরে মারা গেল ৯৭ জন। তাদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৫ শতাংশ পুরুষ।
গতকাল দেশে এ বছর প্রথম ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ হাজার পেরিয়েছে। রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৮৫ জন। তাদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। এসব রোগীর মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৩০০ ও ঢাকা দক্ষিণ সিটিতে ৪ হাজার ২০১ এবং সর্বনিম্ন ভর্তি হয়েছে গাজীপুর সিটি করপোরেশনে তিনজন।