মার্কিন দপ্তরের দাবি

সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ এনেছে উল্লেখ করে মন্তব্য জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান। তিনি বলেন, ‘আমি সে সব (প্রতিবেদন) দেখিনি। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয়। সম্ভবত সে কারণেই আমি সেসব (প্রতিবেদন) দেখিনি।’

ওয়াশিংটনে স্থানীয় সময় গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চান। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী। কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

ওই সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র-জনতার বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কি না?

আরেক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ এনেছে। এ ধরনের অভিযোগ মার্কিন-ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে কি না?

চীনের বিষয়ে জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ নিয়ে আমি শুধু শুধু অনুমান করতে যাচ্ছি না।’ আর যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ সত্যি নয় বলে তিনি নাকচ করে দেন।