গ্রেপ্তারের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খানকে মুক্তি দিয়েছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় উসকানির অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালায় পুলিশ। গহর খান ছাড়াও গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের অন্তত ১২ নেতাকে।
ইসলামাবাদ পুলিশ জানায়, গহর খানের বিরুদ্ধে উসকানির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে আফজাল খান মারওয়াত, শোয়েব শাহিন, শেখ ওয়াক্কাস আকরাম, মাখদুম জৈন হুসেনসহ বেশ কয়েকজন কর্মীকে আট দিনের জন্য পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে ১৭ দিনের রিমান্ড চাওয়া হলেও আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মুক্তির পর পার্লামেন্ট সদস্য গহর আলি খান পিটিআই নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। তিনি পার্লামেন্টের স্পিকারকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান।