বগুড়ায় তেলের ট্যাংকে বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের ফুলকি তেলের ট্যাংকে পড়ে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ওই দুর্ঘটনায় নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাতে ওসি জানান, ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তেলের ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বিস্ফোরণে তারা আহত ও দগ্ধ হন। গুরুতর আহত ইমরান, সাঈদ, রুবেল ও মনিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি রেজাউল করিম বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।