বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ, ১৯৬১ এর ১১(১) এবং (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান,পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ঢাকার ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে জানানো হয়।
ঢাবির নতুন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়। গতকাল দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ওই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্র্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।