ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজের একাংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। মুশফিকুল ফজল আনসারী তার মধ্যে অন্যতম। মুশফিক আমাদের হিরো। তিনি এ দেশের মানুষের কাছে হিরো। আমাদের ওপর হওয়া অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করেছিলেন মুশফিক। সে সময় অনেকেই দেশে থাকতে পারেননি ফ্যাসিবাদী হাসিনার কারণে, অনেকে দেশের বাইরে থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন। আমরা দেশের ভেতরে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয় তখনই সুসংহত হবে, যদি এটা ধরে রাখতে পারি। সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটিকে যেন কাজে লাগাতে পারি।’
এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা।
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসন, দুঃশাসন, গুম, খুন, নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউজের ব্রিফিংয়ে সরব ছিলেন আনসারী। তিনি সাউথ এশিয়া পার্সপেকটিভস ও জাস্ট নিউজের সম্পাদক এবং ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক। গত বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি।