যৌথ অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

যৌথ বাহিনীর অভিযানে গত ১০ দিনে বিভিন্ন প্রকারের ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন মোট অস্ত্র উদ্ধার হয়েছে ১৪৪টি। এ সময় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি রিভলভার, ৪১টি পিস্তল, ১১টি রাইফেল, ১৭টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১০টি এলজি, ২২টি বন্দুক,১ একটি একে ৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএ, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালান। যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।