ভারত সফরে বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম। যে মাঠের উইকেট আবার বেশ স্পিন-সহায়ক হিসেবে পরিচিত। স্পিনাররা এখানে সবসময় বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তবে এই সিরিজে বদলে যেতে পারে চিদাম্বরমের চিরচেনা আচরণ। তাসকিন আহমেদদের শক্তি ও ভবিষ্যৎ সূচি বিবেচনায় এখানকার উইকেটে পেসারদের জন্য বাড়তি কিছু রাখা হতে পারে।
আগেরদিন এমন একটা আভাস ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছিলেন সাবেক ক্রিকেটার ও ভারতীয় ধারাভাষ্যকার দিনেশ কার্তিক। আর তার কথাকে সূত্র ধরেই যেন প্রতিবেদন ছাপিয়েছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
চেন্নাইয়ের উইকেট নিয়ে ভারতের কৌশল পরিবর্তনের মোটাদাগে দুটি কারণ থাকতে পারে। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে এই দুই সিরিজের চেয়েও ভারতের জন্য অস্ট্রেলিয়া সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। যে সিরিজ চলবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এই সিরিজের আগে ব্যাটসম্যানদের স্পিন খেলার খোলসে আটকাতে না চাওয়ারই কথা ভারতের।
সঙ্গে অতীত অভিজ্ঞতা তো আছেই। ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় পেস বোলারদের দাপটে বাংলাদেশ সেই সিরিজের দুই টেস্টেই হেরেছিল ইনিংস ব্যবধানে। ভারতের পেসাররা দুই টেস্টে উইকেট নিয়েছিলেন ৩৫টি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত। গতকাল উইকেটে বেশ ঘাসের উপস্থিতি থাকার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি। যদিও টেস্ট শুরু হতে এখনো ৫ দিন বাকি।
তবে গতকাল অনুশীলনে স্পিনারদের বাড়তি গুরুত্ব দিয়ে ব্যাটিং করেছেন ভারতের ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নিউজিল্যান্ডের আইজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্রকে মাথায় রেখে অনুশীলন করেছেন তাঁরা, জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। নেটে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ছাড়াও ছিলেন তিন বাঁহাতি স্পিনার অজিত রাম, পি ভিগনেশ, মানিমারান সিদ্ধার্থ। ছিলেন হিমাংশু সিং নামের এক স্পিনার, যিনি বোলিং অ্যাকশনের কারণে ‘রবিচন্দ্রন অশ্বিনের ফটোকপি’ হিসেবেই পরিচিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল অনুশীলনে শুবমান গিল, বিরাট কোহলিরা একের পর এক সুইপ, রিভার্স সুইপ খেলার অনুশীলন করেছেন। অফ স্টাম্পের বাইরে পড়া বলে প্যাডল সুইপ, প্রথাগত সুইপ খেলেছেন। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ দলের স্পিনারদের দাপট দেখানোর সুযোগ দিতে চাইছেন না তারা।