খেলোয়াড়ী জীবনেই আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে তামিম ইকবালের। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও দিনে দিনে কমে আসছে। বরং দেশের ক্রিকেটে এখন জল্পনা, তামিম নাকি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব নিচ্ছেন। এসব গুঞ্জনের মাঝে আসন্ন ভারত সিরিজে আবারও দেখা যাবে ধারাভাষ্যকার তামিমকে।
সাবেক এই অধিনায়কের ধারাভাষ্যের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। চট্টগ্রামের ছেলে তামিম সাবলীল ইংরেজি বলেন। ভারতে টাইগাররা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। পাঁচটি ম্যাচেই শোনা যাবে তামিমের কণ্ঠস্বর। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো আন্তর্জাতিক সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম। তার সঙ্গী হিসেবে থাকবেন একঝাঁক খ্যাতিমান ধারাভাষ্যকার।
বাংলাদেশ-ভারত সিরিজে তামিমের পাশাপাশি থাকবেন খ্যাতিমান ধারাভাষ্যকার আতহার আলী খান। এছাড়া ভারত থেকে ধারাভাষ্য দেবেন- হার্শা ভোগলে, মুরালি কার্তিক ও দীপ দাশগুপ্ত। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
উল্লেখ্য, তামিমকে প্রথমবার ধারাভাষ্যে দেখা যায় ২০২২ সালে, বিপিএলে। এরপর গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজেও তিনি ধারাভাষ্য দিয়েছেন। এবার দেখার, দেশের বাইরে তামিম নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যান।