কুমিল্লা

আমোদ পত্রিকার তিন সাংবাদিকের নামে বিএনপি নেতার মামলা

কুমিল্লায় সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অ্যাডভোকেট ফজলুল কবির। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের হয়। মামলার বাদী ফজলুল কবির কুমিল্লা মহানগর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহ্বায়ক। 

বাদী পক্ষের আইনজীবী মাসুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

মামলায় কুমিল্লার সাপ্তাহিক আমোদ পত্রিকার সম্পাদক বাকীন রাব্বি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও আমোদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও আমোদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তৈয়বুর রহমান সোহেলকে আসামি করা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ সেপ্টেম্বর সাপ্তাহিক আমোদ পত্রিকায় ‘বিএনপি নেতাদের সহায়তায় পালালেন ওরা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে উল্লেখ করা হয় কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ডজনখানেক নেতা ভারতে পালিয়ে যান।

গত ২১ আগস্ট বুড়িচং উপজেলার চড়ানল সীমান্ত দিয়ে এক হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে ভারতে পালান তাহসিন বাহার সূচনা। তাকে সীমান্ত পর্যন্ত যেতে সহায়তা করেন কুমিল্লা মহানগর বিএনপির কয়েকজন নেতা। তাদের মধ্যে দুজনের আদ্যাক্ষর ‘আ’ এবং ‘ও’। অভিযোগে বলা হয়, সংবাদটিতে কোনো সূত্র উল্লেখ না করে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।

মামলায় অভিযুক্ত তিন সাংবাদিক বলেন, মামলার কথা জেনেছি। আমরা আইনিভাবে মোকাবেলা করব। এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, মামলার বিষয়টি শুনেছি। আমরা দেখছি কী করা যায়।