কোহলির উদাহরণ টেনে বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন ইউনিস

বছর দুয়েক আগেই লম্বা সময়ের জন্য ফর্ম হারিয়েছিলেন বিরাট কোহলি। প্রায় দুই বছর তিনি কোনো সেঞ্চুরি পাননি। এরপর নেতৃত্ব ছাড়তেই তাকে দেখা যায় পুরনো রূপে। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমও দীর্ঘদিন ধরে খারাপ সময় কাটাচ্ছেন। ফর্মে ফিরতে তাকে নেতৃত্ব ছেড়ে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় পিসিবির চাপে নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এর ছয় মাস পর পিসিবির ক্ষমতার পরিবর্তনের পর ফের বাবরকে সাদা বলের নেতৃত্ব দেওয়া হয়। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। সেইসঙ্গে ফর্ম হারান বাবর। সর্বশেষ ১৬টি টেস্ট ইনিংসেই কোনো ফিফটি নেই। বাকি দুই ফরম্যাটেও তার একই অবস্থা।

বাবরকে ফর্মে ফেরাতে আগে অনেকেই তাকে নেতৃত্ব ছাড়তে বলেছেন। এবার ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইউনিস করাচিতে এক সংবাদ সম্মেলনে বললেন, ‘বাবরের কাছে প্রত্যাশা অনেক বড়। খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। তবে তাদের আসল জবাব আসবে পারফরম্যান্সের মাধ্যমে। বাবরকে এখন ফিটনেস এবং কর্মনিষ্ঠা মনোযোগ বাড়াতে হবে।’

পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করা ইউনিস কোহলির উদাহরণ টেনে বলেন, ‘বাবর অল্প বয়সেই অনেক কিছু অর্জন করেছে। এখন যেটা দরকার, সেটা হচ্ছে ভবিষ্যতে কী পেতে চায়, সেটা ভাবা। অধিনায়কত্ব ছোটখাটো ব্যাপার। পারফরম্যান্সটাই আসল। কোহলির দিকেই তাকান। সে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে নিজেই। এখন বিশ্বজুড়ে বিশ্ব রেকর্ড গড়ে চলেছে। এতে বোঝা যায়, দেশের হয়ে খেলাটাই সবার ওপরে। এরপর পারলে নিজের জন্য খেলা।’

শুধু বাবরকে পরামর্শ দেওয়া নয়, পিসিবিরও কঠোর সমালোচনা করেছেন ইউনিস, ‘আমার তো মনে হয় পিসিবি জানেই না তার কী করতে হবে। প্রায়ই দেখা যায় কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই অধিনায়ক–কোচ পাল্টে ফেলা হচ্ছে। এগুলো দলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এমনকি ফলের দোকানদার, মুদিদোকানি, সবজি বিক্রেতাও জানে কাকে অধিনায়ক এবং কোচ করা উচিত। কিন্তু পিসিবি জানে না।’