ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ ওয়ানডেটাই পারে এটা দেশের ক্রিকেটে যেন মিথ হয়ে গেছে। বাকি দুই ফরম্যাটে দলের দুর্বলতা প্রতিনিয়তই চোখে পড়ে। কিন্তু দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও গত প্রায় এক বছর ধরে বাংলাদেশের পারফরমেন্স তলানিতে চলে গেছে। সঙ্গে যোগ হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতা। সেই বাংলাদেশ দলই হঠাৎ ঘুরে দাঁড়াল লাল বলের ক্রিকেট দিয়ে। পাকিস্তানের মাটিতে তাদেরকেই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দিল নাজমুল হোসেন শান্তর দল। সেই সুখস্মৃতির দুই সপ্তাহ যেতে না যেতেই সামনে এলো কঠিন চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জের নাম ভারত।
ভারতের মাটিতে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে গতকাল চেন্নাই উড়ে গেছে টিম টাইগার। টেস্ট মর্যাদা পাওয়ার ২৪ বছরে ভারতের মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, যার শেষ দুটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে। পাঁচ বছর পর ফের আরেকবার ভারতে টেস্ট খেলতে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, আসন্ন এই সিরিজ মোটেও সহজ হবে না, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেই আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুটি ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য প্রক্রিয়াটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে, কাজটা ঠিকঠাক করতে পারছি কি না। কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব। তবে অবশ্যই চ্যালেঞ্জিং।’
পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় জয়ে নাজমুলরা অবশ্যই আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটবেন। তবে বাস্তবতা হলো, শক্তির দিক দিয়ে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। তাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ কারণেই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। শুধু তাই নয়, স্পিনিং ট্র্যাক হিসেবে বহুল পরিচিত চেন্নাইয়ের উইকেটও দেখা যাচ্ছে লাল মাটি। ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গেছে যে, চেন্নাইয়ে কি এবার গতির লড়াই হবে? গতি আর বাউন্সে পাকিস্তানকে ধসিয়ে দেওয়া বাংলাদেশ অবশ্য উইকেট নিয়ে চিন্তিত নয়। ভারত সফরের এই দলটিতে পেস এবং স্পিনের দারুণ সমন্বয় ঘটেছে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত তাই উইকেটের দুশ্চিন্তা ঝেড়ে ফুরফুরে মেজাজে আছেন।
‘উনারা (ভারত) কী চিন্তা করছে- সেটা তো আমি বলতে পারব না। কিন্তু আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। ওই দলের সঙ্গে যদি তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। তবে স্পিনারদের দিক দিয়ে হয়তো আমরা কাছাকাছিই থাকব। কারণ, যেকোনো কন্ডিশনে বল করার অভিজ্ঞতা আছে আমাদের স্পিনারদের। আমি এটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটার যারাই খেলবেন প্রত্যেকে শতভাগ উজাড় করে দেবেন। পাঁচদিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর কিছুই হবে।’
পিচ নিয়ে দুশ্চিন্তা না থাকলেও দলের ব্যাটিং লাইনআপে বড় দুশ্চিন্তা তো অধিনায়ক নাজমুল স্বয়ং। এই টপ অর্ডার ব্যাটার অধিনায়ক হওয়ার পর যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর ৪ টেস্টে ৭ ইনিংসে শান্তর মোট রান ৯০! সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটা খেলেছেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। অধিনায়ক হওয়ার পর টি-টোয়েন্টিতে ১৭ ইনিংসে নাজমুলের সর্বোচ্চ রান মাত্র ৫৩। এই ১৭ ইনিংসের মধ্যে ৮টিতেই তিনি দুই অঙ্কে যেতে পারেননি। ভারতে রওনা হওয়ার আগে অবশ্য নিজের অফফর্মের বিষয়টি এড়িয়ে গেলেন টাইগার অধিনায়ক, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশের জয়। আমার ইচ্ছা ব্যাটার হিসেবে যেন দলে অবদান রাখতে পারি। ওটার জন্য যে রকম প্রস্তুতির দরকার ছিল আমি নিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন অবদান রাখতে পারি।’
শান্ত যতই এড়িয়ে যান, ভারত সিরিজে তাকে ব্যাট হাতে জ্বলে উঠতেই হবে। ভারতের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে টেস্টে হারাতে হলে এক-দুজনের পারফরমেন্স যথেষ্ট নয়। দেশ ছাড়ার আগে তাই দলীয় পারফরমেন্সের ওপর জোর দিলেন নাজমুল, ‘ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব, যখন আমরা একটা দল হিসেবে খেলব। শুধু স্পিনারদের দায়িত্ব সেটা নয়, ব্যাটসম্যান এবং পেস বোলারদেরও সমান দায়িত্ব। একটা দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। যেটা বললাম, সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র্যাংকিং দেখেন, ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলাফলটা যেন শেষ দিনের শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে শেষ সেশনে জয়ের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়।’
শনিবার গভীর রাতে ঢাকায় ফেরা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েই চেন্নাই গেছে বাংলাদেশ দলের ১৫ জন খেলোয়াড়। সেখানে লন্ডন থেকে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানের, যিনি সারের হয়ে কাউন্টি ম্যাচে ৯ উইকেট নিয়ে বেশ চনমনে আছেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
