ইমরানের বিচার সামরিক আদালতের বিবেচনায় নেই

সামরিক আদালতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার নিয়ে সরকারের এখনো কোনো ভাবনা নেই। গত সোমবার সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল একথা বলেন। ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে শুনানির সময় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় বিচারপতি আওরঙ্গজেব পাকিস্তান সরকারকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সামরিক বিচার হওয়ার সম্ভাব্যতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন। এ সময় কীভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচারপ্রক্রিয়া চলতে পারে, সে জিজ্ঞাসা করেছেন বিচারপতি আওরঙ্গজেব। এর পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা বলেন, সামরিক আইনে কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিছু অপরাধের জন্য সেনা আইনের ধারা ২(১)(ডি)-এর অধীনে সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানান দেশটির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।