অমুসলিমকে দান করাও সওয়াবের কাজ

অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সব মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব পাশ কাটিয়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। (সহিহ মুসলিম)

রাসুল (সা.)-এর এই হাদিস অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়। মানুষের সাহায্য করলে তার সুফলের তো শেষ নেই। আল্লাহতায়ালা বলেছেন, ‘হে মুমিনরা! আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার আগেই যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না।’ (সুরা বাকারা ২৫৪) হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। (আবু দাউদ)

যারা এই সময় বন্যার্তদের সাহায্য করছেন তাদের জন্য স্বয়ং আল্লাহ সুখবর দিয়েছেন। আল্লাহতায়ালা বলেছেন, ‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল।’ (সুরা তাগাবুন ১৭) এ আয়াতে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তার পথে খরচ করা। গরিব, অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করা। পরকালে এর বিনিময় দেওয়া হবে সওয়াবরূপে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘কীসে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা নামাজিদের দলভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না।’ (সুরা মুদ্দাসসির ৪২-৪৪)।

অসহায়দের সহায়তার বিষয়ে কে মুসলমান, কে মুসলমান না এসব ভাবার কোনো সুযোগ নেই। মানুষ মানবতাকে ভাবতে হবে সবার আগে। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘তাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নয়; বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে ধনসম্পদ তোমরা দান করো তা তোমাদের নিজেদের জন্য এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তষ্টি লাভের জন্যই দান করে থাকো। অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদের অবশ্যই দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।’ (সুরা বাকারা ২৭২) এই আয়াতে সব ধর্মের মানুষদেরই দান করার কথা বলা হয়েছে।

অন্য এক বর্ণনায় এসেছে, প্রথম দিকে মুসলমানরা অমুসলিম অভাবীদের দান করতে অনাগ্রহ প্রকাশ করত। তারা মনে করত, অমুসলিমদের দান করলে ওই দানের জন্য হয়তো তারা সওয়াব পাবে না। তখন আল্লাহতায়ালা এ আয়াত অবতীর্ণ করেন। তাই আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে বন্যার্ত ও অন্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।