ফাহিমকে চিকিৎসার জন্য ব্যাংককে পাঠাল সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। তার সঙ্গে দুজন অ্যাটেনডেন্টও (বাবা ও মা) গেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফাহিম হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সঙ্গে যাওয়া অ্যাটেনডেন্টদের থাকা-খাওয়া, সেখানকার যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমান এয়ার লাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী ফাহিমের সঙ্গে যাওয়া দুজন অ্যাটেনডেন্টের বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিটসহ সাতটি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া মো. আব্দুর রশিদ, বয়স-২৯, পিতা মো. নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানা-ভজনপুর, পঞ্চগড়, বর্তমান ঠিকানা-১নং চেহেল গাজি ইউনিয়ন, কাটাপাড়া এলাকা, সদর উপজেলা, দিনাজপুর,  পেশা-দিনমজুরকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল’-এর হিসাব নম্বর-৪৪২৬৩০২০০৩৭৯৬, সোনালী ব্যাংক, রমনা করপোরেট শাখা থেকে দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই ছাত্র মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রস্তাব প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দিতে হাসপাতালগুলোকে বলা হয়েছে। এ ধরনের আহতদের শনাক্ত করা   গেলে প্রয়োজন সাপেক্ষে তাদেরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

আন্দোলনে যেসব ব্যক্তি চোখে আঘাত পেয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা শিগগির বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফাহিম থাইল্যান্ডের হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেনÑ সামাজিক  যোগাযোগমাধ্যম থেকে নেওয়া এমন একটি ছবি পাঠিয়েছেন এ তথ্য কর্মকর্তা। ফাহিমকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সরকারি ব্যবস্থাপনায় ব্যাংককে পাঠানো হয়েছে।