আজ শুক্রবার থেকে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। স্টেশনটি মেরামত করে চালু করতে প্রাথমিকভাবে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া আজ থেকে শুক্রবারও যাত্রীসেবা দেবে মেট্রোরেল। এখন থেকে সপ্তাহের সাত দিনই চলাচল করবে মেট্রোরেল।
মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এসব তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ২০ সেপ্টেম্বর (আজ) থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। স্টেশনটি চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবারও মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন থেকে শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রো চলবে। আর মতিঝিল থেকে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।
মিরপুর-১০ নম্বর মেট্রোস্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, ‘এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
গত বুধবার সকালে খামারবাড়ি অংশে ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় প্রায় ১১ ঘণ্টা আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যথাযথ প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি সংস্কার করে রাত ৮টা ২৫ মিনিট থেকে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই অনাকাক্সিক্ষত ঘটনাটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট আগামী ৫ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য ডিএমটিসিএল, প্রকল্প এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দাখিলের পর এ সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে।
এর আগে গত ১৯ জুলাই কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশনে হামলার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এ ছাড়া স্টেশন দুটি মেরামত করতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে বলেও তখন জানানো হয়েছিল।