দেশকে অশান্ত করার চেষ্টা করছে অনেকেই : নাহিদ

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা রয়েছে অনেকেরই। নানাভাবে পরিস্থিতি সংকটময় করে তোলার চেষ্টা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সতর্ক রয়েছে।’

গতকাল শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সেখানের জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও আমি কথা বলেছি। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়ার অনুরোধ রইল।

তথ্য উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আমাদের অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে। দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এর আগে আন্ধারমানিক এলাকা ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পরে তিনি ফুলগাজী উপজেলার দরবারপুর, জগতপুরের বন্যাদুর্গত এলাকা ও নদীভাঙন স্থান পরিদর্শন করেন।

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিতে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল ফুলগাজীর উত্তর আনন্দপুরের শহীদ শিক্ষার্থীর কবর জিয়ারত করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, এরই মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। দীর্ঘমেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বোপরি জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে।