বিজয়নগর

ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, হরষপুর ইউনিয়ন ভূমি অফিসে বেশ কিছুদিন ধরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সব সরকারি অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেলেও এখানে চিত্র ভিন্ন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৯ মিনিটে দেখা যায়, অফিসের সামনে একটি মোটরসাইকেল রাখা। ভেতরে কিছু লোকের সমাগম। অফিসের সামনে জাতীয় পতাকা টানানোর জন্য একটি স্টিলের খুঁটি  থাকলেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 

এ অফিসে জনবল রয়েছে তিনজন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপসহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ জাবের এবং অফিস সহায়ক মো. বাচ্চু মিয়া।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আগে দেখতাম অফিস খোলার সঙ্গে সঙ্গে পতাকা টানানো হতো।  বাইরে পতাকা উড়তে দেখলেই আমরা দূর থেকে বুঝতাম কাচারি ঘর (ভূমি অফিস) খোলা।

এদিন অফিসে ছিলেন হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। জাতীয় পতাকা টানানো হয়নি কেন এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় দিবসে নির্দেশনা পেলে আমরা পতাকা উত্তোলন করি। গত সোমবার নির্দেশনা ছিল,  করেছি। এমনিতে দেওয়া হয় না। 

এ বিষয়ে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহেরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ উপজেলায় আমি নতুন এসেছি। বিষয়টি জানা ছিল না। যেহেতু জেনেছি খোঁজ নেব।