সম্পদ বিবরণী

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের জমার নির্দেশ

সরকারি কর্মচারীদের ২০২৩-২৪ অর্থবছরের সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এরপর থেকে প্রতি অর্থবছরের সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফরম তৈরি করা হয়েছে। ছকটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

গতকাল রবিবার সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী সব কর্মচারীর জন্য সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। বিদ্যমান নিয়মে, কর্মচারীদের চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। কিন্তু এই নিয়ম মানা হয় না। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে কর্মকর্তা-কর্মচারীর প্রতি বছর সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, ‘বছর বছর সম্পদ বিবরণী দেওয়া হলো কর্মচারীদের জন্য একটা লাগাম। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনোরূপ অসংগতি পরিলক্ষিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আয়করযোগ্য কর্মকর্তা-কর্মচারীরা প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়কর বিবরণী জমা দেন। এরপরও কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। একপর্যায়ে তা অনলাইনে হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘অনলাইন হলে দেখা যাবে কার কত সম্পদ। অবিশ্বাস্য সম্পদ হলে যন্ত্রই সংকেত দেবে। অনলাইনে হলে যাচাইটি স্বয়ংক্রিয়ভাবে হবে।’

নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করবেন। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।