গাজীপুরে বাসচাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান। পরে বিক্ষুব্ধ স্থানীয় মানুষ ধাওয়া করে বাসটি আটকে আগুন ধরিয়ে দেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সময় বাসচাপায় আরও এক পথচারী আহত হন। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে কারখানা শ্রমিকরা সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। এতে এক নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় চালক বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তারা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এর আগে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
বোর্ডবাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীকে চাপা দেয়। এর মধ্যে এক নারীকে গাড়ির পেছনে আটকে ছেঁচড়ে এক-দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’