চলে গেলেন সাংবাদিক রুহুল আমিন গাজী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার থেকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই সাংবাদিক নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৮ মাস কারাগারে ছিলেন রুহুল আমিন গাজী। তিনি কিডনিসংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

রুহুল আমিন গাজী ১৯৫৬ সালের ১২ নভেম্বর চাঁদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী কফিল উদ্দিন এবং মা আয়েশা খাতুন। সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি সাংবাদিক সমাজের দাবি আদায়ে ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। ছিলেন দৈনিক সংগ্রাম-এর চিফ রিপোর্টার।