নারায়ণগঞ্জের বন্দরে চীনা মালিকাধীন ডংজিং লংজি বিডি নামের একটি ব্যাটারি কারখানার নির্গত ধোঁয়ায় পাশর্^বর্তী একটি স্কুলের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়াকে কেন্দ্র করে কারখানার লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও দুই চীনা নাগরিকসহ কারখানায় কর্মরতদের মারধর করে। হামলা ও সংঘর্ষে দুই চীনা নাগরিকসহ ৩০ জন আহত হয়।
বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি তৈরির কারখানার কারণে বায়ু ও পরিবেশ দূষণ হচ্ছে। বিষয়টি বারবার কারখানা কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি। এ বিষয়ে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সরকারের উচ্চপর্যায়ে লিখিত আবেদন জানিয়েও কোনো ফল পায়নি।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কারখানার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি করতে থাকে। দুপুরে শিক্ষার্থীরা কারখানা বন্ধের দাবিতে কারখানা গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে কারখানার কয়েকজন চীনা নাগরিক শিক্ষার্থীদের ওপর হামলা করলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে দুই চীনা নাগরিক ও শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলো দিহান, রাকিব, শুভ, রাজন, জুনায়েদ, সুপ্ত, সামাদ, তানভীর, নাঈম, রাজ, আরিফ, রিহান, সিয়াম, জুনায়েদ, মারুফ, মিনহাজ, সিয়াম, পিয়াল, জুবায়ের, রায়হান, সাফায়াদ, সিহাব, আরাফাত, সাহারিয়ান ও নিরব। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মদনপুরের বারাকাহ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান, মেজর আশরাফ ও বন্দর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যপারে ওসি তরিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা দূষিত ধোঁয়ায় অসুস্থ হয়ে যাওয়ার ক্ষোভে সড়ক অবরোধ করেছিল। এ সময় তাদের সঙ্গে কারখানার লোকজনের বাগ্বিত-ার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা কারখানায় হামলা চালায় ও ভাঙচুর করে। এতে দুই চীনা নাগরিক আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।