ড. ইউনূসকে নিয়ে কটূক্তি, সাইবার আইনে মামলা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তির অভিযোগে মোকতার হোসেন (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ফেসবুক লাইভে এসে ইসলাম ধর্মকে অবমাননা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়েও কটূক্তি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। 

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ  মো. সাইফুদ্দিন। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে।

বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহমদ খাঁন রনি জানান, আসামি মোকতার  হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরীবাড়ির মৃত  দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৫ আগস্ট মো. হাসান (গউ ঐধংংধহ)  ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য প্রদান করেন। এতে পবিত্র ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি প্রদান করেন। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের অনুভূতিতে আঘাত করে মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক উক্তি করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা  মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ও বেফাঁস মন্তব্য করেন আসামি মোকতার।