বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেছেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্র্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। গত সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীরা পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা।
গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রেখেছে। নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এই দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিবৃতিতে নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্জন হত্যায় জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে দেশবিরোধী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানাই।’