হারিকেন হেলেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে হারিকেন হেলেন। ঝড়টি ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে গতকাল শুক্রবার রাজ্যের বিগ বেন্ড এলাকায় আছড়ে পড়ে। পরে সেটি কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে জর্জিয়া রাজ্যে আঘাত হানে। হারিকেনের আঘাতে ফ্লোরিডায় এক ও জর্জিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডায় আঘাত হানার সময় হারিকেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। হারিকেনের প্রভাবে ২০ ফুট উচু জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়। এনএইচসি বলেছে, হারিকেন হেলেনের প্রভাবে ফ্লোরিডা রাজ্যে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের বেশিরভাগ বাড়িঘর ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ও নর্থ ক্যারোলিনায় প্রায় ২২ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুর্যোগটিকে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হারিকেন হেলেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষকে আবহাওয়া সতর্কতা জানানো হয়েছে।