ক্রিকেটের সীমিত সংস্করণে অভিষেক থেকেই দ্যুতি ছড়াচ্ছেন রিশাদ হোসেন। ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন তিনি। যে সিরিজটি তিনি মনে করছেন চ্যালেঞ্জিং হবে। তবুও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটি জেতার লক্ষ্য এই লেগ স্পিনারের।
বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে মাঠে নামার আগে লড়াকু মানসিকতা থাকছে রিশাদেরও। শনিবার অনুশীলন করেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।
গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘ভারত তো সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে ইনশাআল্লাহ আসব। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা জেতার মানসিকতা নিয়েই যাচ্ছি।’
৬ অক্টোবর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। ভেন্যু হায়দরাবাদ। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা হলেও উইকেট নিয়ে ভাবছেন না রিশাদ।
তিনি বলেন, ‘কন্ডিশন তো আমাদের হাতে নেই। যে পরিস্থিতেই আসুক বা উইকেট যেমনই হোক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে। আমরা যেন পারফরম করতে পারি, সেই প্রস্তুতিই নিচ্ছি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন রিশাদ। বিশ্বকাপে এই লেগ স্পিনার আলোড়ন তুললেও দল হিসেবে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চান রিশাদ।