অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের জন্য ভারতের কাছে চিঠি দেওয়া হোক।’
গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন ‘আমরা ভারতের কাছে অনুরোধ করেছি। আপনারা এমন একজন খুনিকে, যে গণহত্যা করেছে, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাকে জায়গা দেবেন না। তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর সব ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারকে আবারও বলছি, আপনি তার জন্য যে আইনগত বিধান আছে, সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন।’
গার্মেন্টস, ওষুধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এ শ্রমিক সমাবেশে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের অসংখ্য নেতাকর্মীদের হত্যা করেছে। শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে এমনকি তারা নারীদের হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে প্রধানমন্ত্রী থাকবেন, এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। পুলিশকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে অকথ্য নির্যাতন করে বাংলাদেশকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মজিবুর রহমান, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।