ইউক্রেন যুদ্ধে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা

ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার অন্যতম মিত্র উত্তর কোরিয়া। গতকাল রবিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, ইউক্রেনকে ৮শ’ কোটি ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য ‘একটি মারাত্মক ভুল ও নির্বোধ পদক্ষেপ’। ওয়াশিংটনের এই সহায়তা ইউক্রেন সংকটকে আরও উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের সিদ্ধান্তের কারণে পুরো ইউরোপ পারমাণবিক যুদ্ধের সন্নিকটে পৌঁছে যাচ্ছে।

উত্তর কোরিয়ার শাসকযন্ত্রের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন কিম ইয়ো জং। গত এক বছরে পিয়ংইয়ং ও মস্কো নাটকীয়ভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। দুই দেশের নেতার বৈঠকে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তির সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত এক বছরে রাশিয়ায় অন্তত ১৬ হাজার ৫শ’ কনটেইনার অস্ত্র পাচার করেছে উত্তর কোরিয়া। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করেছে। তবে উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশই অবৈধ অস্ত্র বাণিজ্যের অভিযোগ নাকচ করে দিয়েছে।

এদিকে, ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে একাধিক বোমা হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রবিবার জাপোরিঝিয়াসহ তিনটি শহরের একাধিক জেলায় ১৩টি গাইডেড বোমা ফেলে মস্কো। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এই হামলায় অঞ্চলটির রেল যোগাযোগ, অবকাঠামো, আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মর্তারা জানান, ধ্বংসাবশেষের কারণে অঞ্চলটিতে রেল যোগাযোগ বিলম্বিত হয় এবং কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। তবে হামলার বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। গাইডেড বোমা অত্যন্ত ধ্বংসাত্মক হওয়ায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলো আটকানো কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তীব্র বোমা হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরটির অদূরে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রুশ সেনারা আংশিকভাবে অঞ্চলটির দখল নিয়েছে। এদিকে, ইউক্রেনের ছোড়া ১২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার কিয়েভের হামলার কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চল। সেখানে ৬৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়াও বেলগোরদ ও ভোরোনেজ অঞ্চলে ১৭টি করে ড্রোন প্রতিহত করা হয়েছে। রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয় আরও ১৮টি ড্রোন।