তারেক রহমানের বিবৃতি

বন্যার্তদের পাশে দাঁড়াতে নির্দেশ নেতাকর্মীদের

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর বন্যার্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে বন্যাকবলিত এলাকাগুলোয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

দেশের পাঁচ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যে গৃহবন্দি হয়ে পড়েছে। বন্যাকবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন।’

অন্তর্র্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিবৃতিতে তারেক রহমান আহ্বান জানান।