আজ শুভ মহালয়া। দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের শুরু আজ থেকে। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ ‘আনন্দ নিকেতন’। দেবীদুর্গা আজ মর্ত্যলোকে পা রাখছেন। হিন্দু শাস্ত্রমতে, চন্ডীপাঠের মাধ্যমে দেবীদুর্গার আবাহনই মহালয়া নামে পরিচিত। আর এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগমনী সুর বেজে উঠবে।
মহালয়ার দিনে ভোর থেকে পূজামন্ডপগুলোয় চন্ডীপাঠ, পূজার্চনা আর ঢাকের বোলে দুর্গাদেবীকে আহ্বান করা হবে। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস কুমার পাল দেশ রূপান্তরকে বলেন, মহালয়া উপলক্ষে আজ জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে ভোর ৬টা থেকে পূজার্চনা ও অনুষ্ঠান শুরু হবে। কল্পারম্ভ আবাহনে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঘট স্থাপন, চন্ডীপাঠ, পূজার্চনা, আরাধনা, পূর্বপুরুষদের উদ্দেশে স্মৃতি তর্পণ ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হবে।
মহালয়ার পরে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৪ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠি পূজার মাধ্যমে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। ২৫ আশ্বিন (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুর্গাদেবীর মহাসপ্তমী, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) শুক্রবার মহাষ্টমী, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) শনিবার মহানবমী এবং ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) পূজা হবে। দশমীর দিন পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এবার সারা দেশে ৩২ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী ম-পে দুর্গাপূজা হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হবে ২৫৩টি মন্ডপে। ইতিমধ্যে দুর্গোৎসবের প্রস্তুতি শেষপর্যায়ে। পূজামন্ডপগুলোয় প্রতিমা নির্মাণ, প্যান্ডেল স্থাপনসহ আনুষঙ্গিক কার্যক্রম আরও আগেই শুরু হয়েছে।