কুমিল্লার দাউদকান্দির মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ঘণ্টাব্যাপি চলা অবরোধে মহাসড়কের দুদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ওই অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত মহাসড়ক ত্যাগ করবেন না বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ হলেও অদৃশ্য কারণে অধ্যক্ষকে অপসারণ করা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস ধরে আন্দোলন করেও কোনো সুরাহা হচ্ছে না।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানসহ সেনাবাহিনীর সদস্য, দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানার পুলিশ আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের কথা শোনেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।