কুমিল্লার দাউদকান্দিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই যুবকের নাম সাকিব আহমেদ (২৪)। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার ছেলে। বর্তমানে দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাড়ি দাউদকান্দি সদর ইউনিয়নের বাহেরচর গ্রামে এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত বখাটে যুবক সাকিব আহমেদ।
প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর কলেজে যাওয়ার পথে কদমতলী সিএনজি স্ট্যান্ড থেকে ভিকটিমকে টেনে কালো রংয়ের মাইক্রোবাসে তুলে ঢাকার গাজীপুরে নিয়ে যায়। সেখানে একই এলাকার ফারুক ওরফে আবির আহম্মেদ এর মাধ্যমে কোনাবাড়ী এলাকায় একটি রুম ভাড়া করে আটকে রাখে। এক সপ্তাহ পর ভাড়া করা রুমে ভিকটিমকে রেখে সাকিব ও আবির পালিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ভিকটমকে উদ্ধার করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং সহায়তাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।