মেসির এমএলএস কাপ অভিষেকে বিশেষ পরিকল্পনা

মেজর লিগ সকারে সাপোর্টারস শিল্ড জিতেছে ইন্টার মায়ামি। তাতে রেগুলার সিজন চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এরপর আছে এমএলএস কাপ। সেটিতে জয়ী দলকেই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়।

এবার শীর্ষে থাকায় মায়ামি খেলবে এমএলএস কাপের প্লে-অফে। তাই মেসির প্লে-অফ অভিষেক আরও স্পষ্ট করে বললে এমএলএস কাপে মেসির অভিষেক নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে লিগ কর্তৃপক্ষ।

এক নম্বর হওয়ায় নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে মায়ামি। তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। লিগ টেবিলে আট ও নয় নম্বরে থাকা দলের মধ্যে খেলা হবে, সেখানে জয়ী দল হবে মায়ামির প্রতিপক্ষ।

এমএলএস কাপে প্রথমে মায়ামি খেলবে বেস্ট অব থ্রি সিরিজ। যদি প্রথম দুই ম্যাচে কোন দল ফল নিজেদের করে নিতে পারে তবে তৃতীয় ম্যাচের প্রয়োজন হবে না। সেখানে জিতলে কনফারেন্স সেমিফাইনাল ও কনফারেন্স ফাইনাল। এরপর এমএলএস কাপ ফাইনাল।

এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে এমএলএস কাপে মেসিদের প্রথম খেলাটি টাইমস স্কয়ারের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। টাইমস স্কয়ারের স্ক্রিন ২৫ হাজার স্কোয়ার ফুট ভিডিও স্ক্রিন।

মেসিদের প্রতিপক্ষ হবে কোন দল সেটি জানা যাবে আগামী ২২ অক্টোবর ইস্টার্ন কনফারেন্সের আট ও নয় নম্বর দলের ওয়াইল্ড কার্ড ম্যাচের পর। সেই ম্যাচে জয়ী দলের সঙ্গে মায়ামির প্রথম ম্যাচ হবে ২৫ অক্টোবর।