খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত আটজন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জগামী ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই দোকানটিতে আগুন ধরে যায়। তখন আতঙ্কিত লোকজন দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকান তিনটির অধিকাংশই পুড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।