সাংবাদিকদের বিরুদ্ধে মামলা পর্যবেক্ষণে কমিটি

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক যেসব মামলা হয়েছে তা পর্যবেক্ষণে গতকাল আট সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণসংক্রান্ত ওই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার)। আর সদস্য সচিব হিসেবে আছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস)।

কমিটির কাজ হবে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের পাশাপাশি সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা।

কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এসব মামলার সমালোচনা করে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচারে এ ধরনের হত্যা মামলা আইনের অপব্যবহার ও মুক্ত সাংবাদিকতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন।