স্বাভাবিক উৎপাদনে আশুলিয়া বিক্ষোভ গাজীপুর-না.গঞ্জে

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি আদায়ে গেল কয়েক দিনের টানা শ্রমিক অসন্তোষের অস্থিরতা কাটিয়ে তৈরি পোশাক কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। গতকাল সোমবার সকাল থেকেই তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড কারখানায় বেআইনিভাবে কর্মবিরতি, কারখানায় ভাঙচুর, কর্মীদের ও অরাজকতা সৃষ্টির অভিযোগে ১২৯ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্র্তৃপক্ষ। এ ছাড়া গতকাল শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

থাকার পাশাপাশি তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এদিন গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আর বকেয়া বেতন পরিশোধসহ ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে অনশন কর্মসূচি পালন করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, গতকাল সকাল থেকে আশুলিয়ার কারখানাগুলোতে পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। সারা দিনে কোথাও কোনো বিক্ষোভ বা শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

তবে নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেডে ছাঁটাই করা ১২৯ জন শ্রমিকের চাকরি পুনর্বহালের দাবিতে সকালে কর্মবিরতি পালন শুরু করেন কারখানার অন্যান্য শ্রমিক। পরে সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হলে সেনাসদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা ওই এলাকা ছাড়েন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সুপার মোহাম্মদ সারোয়োর আলম বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো।

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ : গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দুপুর ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা গত সপ্তাহের প্রথম দিকে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাওয়া-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। সে সময়ে কারখানা কর্র্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে তা মেনে নেয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন। সেসব দাবি পূরণে দুপুরে টিফিনের সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপার আবু তালেব বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

নারায়ণগঞ্জে অনশন : বকেয়া বেতন পরিশোধসহ ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে অনশন কর্মসূচি পালন করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক-কর্মচারী। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক জাগরণ মঞ্চের জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ। এর আগে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেএমইএ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শ্রমিকদের অভিযোগ, সরকার পতনের আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল এবং এর আশপাশে নেমকন ডিজাইন ও ক্রোনী গ্রুপের অবন্তি কালারসহ চার-পাঁচটি পোশাক কারখানায় তিন মাস ধরে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। শ্রমিকদের বেতন বকেয়ার পাশাপাশি নিটিং ও ডাইং বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। এ ব্যাপারে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও মালিকপক্ষের কোনো পদক্ষেপ নেই। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করে মালিকপক্ষ নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। এ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীরা। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বিগত ছাত্র আন্দোলন ও বন্যা পরিস্থতিসহ ব্যাংক আর্থিক সহযোগিতা না করায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। ফলে মালিকপক্ষ নিরুপায় হয়ে শ্রমিকদের বেতন দিতে পারছেন না।’ অবশ্য চলতি মাসের মধ্যে শ্রমিকদের অন্তত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাসের কথা জানান বিকেএমইএ সভাপতি।

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি