শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে। প্রতিটি পূজাম-পে আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়াররা রয়েছে। তারা ২৪ ঘণ্টা কাজ করছে।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি। সাইবার প্যাট্রলিংয়ের ব্যবস্থা রেখেছি, যাতে কেউ ইলেকট্রনিকস মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব ও অতিরঞ্জন কোনো কিছু না ছড়াতে পারে। আমরা চাই সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এবং নিরাপত্তার মধ্যে শারদীয় দুর্গা উৎসব পালন করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব পুলিশ সদস্যরা এখনো অনুপস্থিত রয়েছেন সেসব পুলিশ সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। এ ছাড়া দেশ জঙ্গি তৎপরতা বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটা ভাবার কোনো সুযোগ নেই।’
বেশকিছু পুলিশ কর্মকর্তা এখনো কাজে যোগদান করেননি, অনেকেই পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন, পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা-সংক্রান্ত প্রশ্ন সব জায়গায় আমরা ফেস করি। যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যেসব সদস্যের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি, এমন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে যোগ দেননি।
তিনি আরও বলেন, সোয়া দুই লাখ পুলিশ বাহিনীর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত, এই সংখ্যাটি কম। এটি যেকোনো সময় গড় হাজির হতে পারে। যারা কাজে যোগদান দেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় (অ্যাকশন) ব্যবস্থা শুরু হয়েছে। তাদের নোটিস করা হয়েছে। তারা যদি না আসেন আমাদের অবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার সুযোগ নেই।
আইজিপি বলেন, গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী পালিয়ে গেছে। কিছু নিষিদ্ধ সংগঠন মিছিল করেছে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছে আইএসের পতাকা নিয়ে তারা মিছিল করছে। যারা স্বাধীনভাবে মতামত তুলে ধরতে চায়, সেটা ভিন্ন। সেগুলো আমরা দেখতে চাই। কিন্তু কেউ যদি জঙ্গি তৎপরতা চালায় কিংবা আইএসআইয়ের বা অন্য কোনো নিষিদ্ধ সংগঠনের ভাবাদর্শে চলে, সেটার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। তথাকথিত পতাকা নিয়ে যারা ঝটিকা মিছিল করেছে, এমন তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। যারা নিষিদ্ধ সংগঠন, তাদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।