দুই বাসে পাল্লাপাল্লিতে প্রাণ গেল ছোট বোনের, বড় বোন গুরুতর

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসচাপায় নিহত হয়েছেন তাসনিম জাহান আইরিন (২৪) নামে এক নারী। তিনি বাড্ডা এলাকায় নেক্সট বেঞ্চার নামে একটি তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সম্প্রতি ঢাকায় এসে প্রতিষ্ঠানটিতে চাকরি শুরু করেছিলেন তাসনিম। গতকাল বুধবার সকাল সোয়া ৯টার দিকের এ ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনিও নেক্সট বেঞ্চার নামে ওই প্রতিষ্ঠানে চাকরি করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় এক মোটরসাইকেলে তিনজন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালে গতকাল বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, গতকাল সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান। তার বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুটি বাস জব্দ এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে। তাসনিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাসনিম বরগুনার পাথরঘাটার মানিকখালী গ্রামের এসএম সাইফুল আলমের মেয়ে। মিরপুর পল্লবীর পলাশনগরে পরিবারের সঙ্গে তিনি বসবাস করতেন।

নিহত তাসনিমের বাবা সাইফুল আলম বলেন, ‘আমার তিন মেয়ে এক ছেলে। এর মধ্যে দুই মেয়ে চাকরি করত বাড্ডায়। তারা সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়েছিল। পরে শুনতে পাই, তারা দুজনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।’ বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, ‘সকালে উত্তর বাড্ডার প্রগতি সরণির দেবগ্রাম রোডে রাস্তা পার হওয়ার সময় প্রতিযোগিতা করে চলা আকাশ পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়েন আইরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

অন্যদিকে খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সায়েম (১৯) ও মোখলেসুর মুকুল (৫৫) নামে দুজন নিহত হয়েছেন। খিলক্ষেত থানার এসআই জাহিদুর রহমান বাদল জানান, মঙ্গলবার রাতে সায়েমসহ তার আরও দুই বন্ধু একটি মোটরসাইকেলে রুপগঞ্জ থেকে ঘুরতে খিলক্ষেত এলাকায় আসেন। খিলক্ষেত ৩০০ ফুট আউটগোয়িং সড়কে দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তায় থাকা মোখলেসুর মুকুল (৫৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সায়েম ও পথচারী মোকলেসুর মুকুল মারা যান। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত সায়েমের দুই বন্ধু আনতু ও হাসিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ত্রিশালে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : ময়মনসিংহের ত্রিশালে যাত্রাবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক কামাল হোসেন (৪৫) নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন কাঁঠাল শিঙ্গাইল এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। গতকাল সকালে উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন ত্রিশাল প্রতিনিধি।