পূজা নিয়ে কোনো অপতৎপরতা সহ্য করছি না : আইজিপি

পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা একটা নতুন পরিবেশে সহস্র ছাত্র-জনতা এবং পুলিশ ভাইদের রক্তের বিনিময়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের পরিপ্রেক্ষিতে আমাদের পূজা উদযাপন করছি। এখানে অনেকের মনে নানা সংশয় ছিল, সেগুলো দূর করে ৩২ হাজার পূজাম-পে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তা সহকারে পূজা উদযাপন হচ্ছে। পূজা বা যেকোনো ফেস্টিভ্যাল যার যার ধর্মমতে পালন করা, সেটা সাংবিধানিক অধিকার।’

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘আমরা পুলিশ বাহিনী নিশ্চিত করছি যাতে সব ধর্মমতের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা আমরা কিন্তু সহ্য করছি না। ইতিমধ্যে কিছু ঘটনা হয়েছে, আমরা কিন্তু সব ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ ছাড়াও র‌্যাব, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ না করতে পারে।’

নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকেই তৎপরতা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপথ বানানোর চেষ্টা করেছে। আমরা সেই গডফাদারদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত, তারা যাতে এই পথে পা না বাড়ায়। এই নারায়ণগঞ্জে লোমহর্ষক হত্যাকা-ের ঘটনা আলোচিত ত্বকী হত্যা। এই ত্বকী হত্যার তদন্ত দীর্ঘদিন বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে। তদন্তকাজ এগোতে দেয়নি। আমরা কিন্তু সেই ত্বকী হত্যার তদন্ত শুরু করেছি। আপনাদের সহকর্মী প্রিয় সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত কিন্তু শুরু হয়েছে। আমরা চাই ঘটনা ঘটার আগেই সেটা প্রতিহত করা। তবে কোনো ঘটনা যদি ঘটে যায়, তাহলে যাতে দ্রুত তদন্ত করতে পারি এবং যারা আসামি তাদের যাতে আইনের আওতায় আনতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশ একটি ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে গিয়েছে। এর যেমন উপকারিতা আছে, তেমনি সাইবার জগতে অনেকে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। অনেকে বিভিন্ন গুজব, ঘটনাকে অতিরঞ্জিত করছে। এ ব্যাপারেও আমরা শক্ত অবস্থানে আছি। রিয়াল ওয়ার্ল্ড ও সাইবার ওয়ার্ল্ড যেখানেই ঘটনা ঘটছে, সব জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, এফবিসিসিআইর সাবেক পরিচালক ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

রামকৃষ্ণ মিশন ম-প পরিদর্শন শেষে শহরের নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান আইজিপি। সেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এবং নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পীসহ নেতারা তাকে অভ্যর্থনা জানান।