প্যান-ইসলামিক গ্রুপ হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হিযবুত তাহরীর উগ্রবাদী কার্যকলাপে যুক্ত এবং নিরীহ তরুণদের আইএসএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে উসকানি দেয়। সেই সঙ্গে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তহবিল জোগাড় করে। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয় আরও বলে, হিযবুত তাহরীর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সুরক্ষিত অ্যাপসের মাধ্যমে সন্ত্রাসবাদী প্রচারণা চালায় এবং দাওয়াহ মাধ্যমে সন্ত্রাসবাদে যুক্ত হতে সাধারণ তরুণদের উৎসাহ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে, হিযবুত তাহরীর সন্ত্রাসবাদে জড়িত এবং ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হল।