স্থলে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েল

ইসরায়েলের একটানা বিমান হামলায় বিধ্বস্ত লেবানন। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়ে চলছে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শুরুর মাধ্যমে সে যুদ্ধ লেবাননে বিস্তৃত হয়েছে। এতে জড়িয়ে পড়েছে লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। লেবাননে ইসরায়েলের আকাশ ও স্থল হামলা অব্যাহত রয়েছে। স্থল পথে দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে প্রবেশের সময় হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননে সামরিক আগ্রাসন জোরদারের অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলের ২৩ গ্রামের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আদেশ দিয়েছে তেল আবিব। অঞ্চলটির অধিবাসীদের আওয়ালি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ গ্রামগুলোকে অস্ত্রাগার ও আক্রমণ চালানোর জন্য ব্যবহার করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেইর বেল্লা, আল মাইসারা ও বারজা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৭ জন। আর রবিবার ভোরে দক্ষিণ লেবাননের ছোট একটি শহর কেফার টেবনিতের কেন্দ্রে অবস্থিত পুরনো একটি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত শনিবার উত্তর ইসরায়েলে প্রায় ৩২০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে এসব রকেটে বেশিরভাগই আঘাত হানার আগে ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। গত কয়েকদিনে ইসরায়েলের সেনাদের চালানো হামলায় এ নিয়ে পাঁচ শান্তিরক্ষী আহত হলো। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধ করতে আহ্বান জানালেও ইউনিফিল সদস্যদের ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েল। এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় গাজায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, হামাসের যোদ্ধাদের ফের একত্র হওয়া ঠেকাতে ইসরায়েল জাবালিয়ায় আক্রমণ চালাচ্ছে। তারা ট্যাংক নিয়ে জাবালিয়া এলাকার অনেকে ভেতরে ঢুকে পড়েছে। গাজা ভূখ-ের উত্তরাঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর মধ্যে জাবালিয়া বৃহত্তম। শনিবার রাতে জাবালিয়ার দুটি বাড়িতে ও গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা করে ইসরায়েলের সেনারা। অন্যদিকে, ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর সময় কোন কোন লক্ষ্যে আঘাত হানা হবে তার আওতা ইসরায়েল সীমিত করেছে বলে বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের। শনিবার দেশটির শীর্ষ কর্মকর্তারা জানান, ইসরায়েলের হামলার সম্ভাব্য তালিকায় ইরানের সামরিক ও জ¦ালানি খাত ছিল। তবে তেহরানের পারমাণবিক স্থাপনা বা কোনো শীর্ষ কর্মকর্তাকে গুপ্তহত্যার লক্ষ্য ইসরায়েলের আছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য দেয়নি বলেও জানিয়েছে ওয়াশিংটন।

যুদ্ধবিধ্বস্ত লেবাননে তিন টন জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে ইরান। গতকাল রবিবার এ তথ্য জানায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, ত্রাণ হিসেবে পাঠানো তিন টন চিকিৎসাসামগ্রী লেবাননে পৌঁছেছে। এটি চলমান সংঘাতে ইরানের পাঠানো চতুর্থ ত্রাণের চালান।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা বাবাক মাহমুদি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ত্রাণ হিসেবে মূলত জরুরি ওষুধ পাঠানো হয়েছে। শিশুদের জন্য উপযোগী ওষুধও রয়েছে এতে। তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় লেবানন-সিরিয়া সীমান্তের ইরানি ফিল্ড হাসপাতাল ধ্বংসের পর নতুন একটি ফিল্ড হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন তারা। নতুন হাসপাতালটি আগের অবস্থান থেকে ৪০ কিমি দূরে নির্মাণ করা হবে।