শেষ হলো চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ছয়টি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা কার্যক্রমের পর্দা নেমেছে। এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন অর্থনীতিবিদ দারন আসিমোগলু, সাইমন জনসন ও জেমস রবিনসন। প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং রাষ্ট্রের উন্নতিতে তার প্রভাববিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তাদের এ বছর অর্থনীতির নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়াল সুইডিশ একাডেমি।
অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার প্রদান কমিটির চেয়ারম্যান জ্যাকব সেভনসন বলেন, ‘প্রতিষ্ঠানের গঠন এবং উন্নয়নে তার প্রভাব’ যেকোনো দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নসংক্রান্ত একটি গবেষণা। রাষ্ট্রের সার্বিক উন্নতিতে প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে তারা যে অন্তরদৃষ্টির পরিচয় দিয়েছেন সেটি (গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক) প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়নের এগিয়ে যাওয়ার জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, আর্থিক উপার্জনের দিক থেকে বিভিন্ন দেশের মধ্যে যে বিশাল পার্থক্য, সেটি দূর করা এই মুহূর্তে আমাদের কঠিনতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক প্রতিষ্ঠানগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে পুরস্কার বিজয়ীরা তাদের গবেষণায় সেটিই সামনে নিয়ে এসেছেন। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে পার্থক্যের কারণ নিয়ে নতুন এক ধারণা দিয়েছেন নোবেলজয়ী এই তিন অর্থনীতিবিদ। ইউরোপীয় উপনিবেশকারীদের দ্বারা প্রবর্তিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পরীক্ষা করে প্রতিষ্ঠান এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে সফল হয়েছেন তারা।
দারন আসিমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন তিনজনই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ড্যারন ও সাইমন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং জেমস রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। কোনো বিভাগে একাধিক নোবেলজয়ী থাকলে এই অর্থ প্রত্যেকের মধ্যে ভাগাভাগি করে দেয় নোবেল কর্তৃপক্ষ।
সুইডেনের বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেয় রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। প্রতিটি বিভাগের বিজয়ীদের একটি স্বর্ণপদক ও একটি সনদপত্র দেওয়া হয়। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।