অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে আলোচিত-সমালোচিত সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
তাপসী তাবাসসুম ঊর্মিকে এর আগে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পদ থেকে প্রথমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরবর্তী সময়ে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে মামলাও হয়েছে একাধিক।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাক্তন সহকারী কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক আইডি থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আলোচিত-সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
তিনি আরও লেখেন, ‘এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কী? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্তসাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।’
জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, ‘কত বড় বোকার স্বর্গে আছি, এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল; সে নাকি শহীদ! এটাও এখন মানা লাগবে!’
আবু সাঈদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেল, তার তেল খরচ কে দিয়েছে?’