প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রায় শতভাগ পোশাক কারখানা চালু হয়েছে

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় যে অস্থিরতা দেখা দিয়েছিল, সেটি এখন আর তেমন একটা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে অবস্থিত প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছেন। গতকাল সোমবার এক বার্তায় বলা হয়, সেখানে উৎপাদন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়েছে।

পোশাক কারখানা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো ওই বার্তায় আরও বলা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে তিনটি ছাড়া সব কারখাানা খুলেছে। বন্ধ তিন কারখানার মধ্যে দুটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জেও সবগুলো কারখানা ইতিমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে দুটি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে। সবমিলে ৯৯ দশমিক ২৬ শতাংশ কারখানা সচল এবং বন্ধ রয়েছে ১ শতাংশেরও কম (০.৭৪ শতাংশ)। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে এই খাতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়। পরে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ায় আস্তে আস্তে সচল হয় পোশাক খাত। যদিও এই অস্থিরতা তৈরির পেছনে শ্রমিকদের চেয়ে ছাত্রলীগ ও তৃতীয় পক্ষের ইন্ধনও বেশি ছিল বলে সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন।