অবশেষে সাময়িক বরখাস্ত করা হলো চন্ডিকা হাথুরুসিংহেকে। জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে গত ওয়ানডে বিশ্বকাপে চড় মারাসহ একাধিক ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে হাথুরুকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার মাঝে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তার জবাবের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।
হাথুরুর অবর্তমানে আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
তিনি বলেন, 'হাথুরুর সাসপেনশন হলো...৪৮ ঘণ্টার একটা নোটিশ দিয়েছি। মিসকান্ডেক্ট-এর কারণে যখন একটা কোচের বা কারও চাকরি যায়, তখন কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না নোটিশ দেওয়ার। তবে যেহেতু তিনি শুধু আমাদের কোচই নন, একজ আন্তর্জাতিক ব্যক্তি এবং এটা দেশের সীমানার বাইরে যাবে, এজন্য আমরা নিজেদের দেশের ও আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে চাই। এজন্য ৪৮ ঘণ্টার নোটিশ দিয়েছি। ইমিডিয়েট ক্ষেত্রে আমরা তাকে সাসপেন্ড করেছি, তার পর টার্মিনেশন হবে।'
ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন হাথুরুর বিরুদ্ধে নাসুমকে চড় মারার অভিযোগ ওঠে। পরে এটাকে অস্বীকার করেন তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং হাথুরু স্বয়ং। একটি তদন্ত কমিটি গঠিত হলেও কোনো ফলাফল আসেনি। এবার সেই ঘটনা পুনঃতদন্ত করে সত্যতা খুঁজে পান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ তিনি বলেন, ‘একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।’
হাথুরুসিংহের চাকরি যাওয়ার পেছনে আরও কারণ আছে। কোচ হিসেবে তিনি ছিলেন স্বেচ্ছাচারী। তার সঙ্গে চুক্তি অনুযায়ী বছরে তিন মাসের বেশি ছুটি কাটানো যায় না। কিন্তু তার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে। এটা নিঃসন্দেহে চুক্তিভঙ্গ। একজন ক্রিকেটারকে শারীরিক নিগ্রহের পাশাপাশি বরখাস্তের কারণ হিসেবে এটাও আছে।
ফারুক আহমেদ আরও বলেছেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’