অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে আরও একবার হতাশাজনক পারফর্ম শান্ত-মুশফিকদের। ছন্নছাড়া পারফর্ম হতাশ করেছে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকেও। তবে হতাশা ছাপিয়ে শুনিয়েছেন আশার বাণীও। আগামী ৩ দিন ভুলগুলো শুধরে নিতে চান তিনি।
ম্যাচের তৃতীয় দিনে কেবল ১৭ ওভার খেলেই ৫৪ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। এতে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হারে সফরকারীরা। ম্যাচের প্রথম ইনিংসেও বহাল ছিল ব্যাটিং বিপর্যয়, কেবল ব্যতিক্রম ছিলেন সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে হাল ধরতে পারেননি কোনো ব্যাটারই।
ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় দলের হতাশাজনক পারফর্ম নিয়ে কোচ সিমন্স বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’
নিজেদের ভুল শুধরে নেওয়ার আশা ব্যক্ত করে সিমন্স আরও বলেন, ‘আমাদের হাতে এখনও ৩ দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’
ডারউইনে আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
‘আমার ছেলে আমার চেয়েও বড় ফুটবলার হবে’- রোনালদো