গাইবান্ধায় পাটের গুদামে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামে রক্ষিত প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। এর মধ্যে থেকে আরও তিনটি গুদামের পাট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। গুদাম ঘরসহ এ ঘটনায় প্রায় ৫২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস জানায়, কামারজানি এলাকায় জহিরুল হকের চারটি পাটের গুদামের মধ্যে একটি গুদামে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় লোকজন চেষ্টা করতে থাকে। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ততক্ষণে গুদামে রক্ষিত প্রায় ছয়শ মণ পাট পুড়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

ব্যবসায়ীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পাটের গুদামে আগুন দেওয়া হয়েছে। পাট ও গুদামের অবকাঠামোসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। 

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, চারটি গুদামে প্রায় ৪ হাজার মণ পাট ছিল। এরমধ্যে ৬০০ মণ পাট পুড়ে গেছে। তবে চারপাশে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকার পরিমাণ পাট ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ভাষ্যমতে, অজ্ঞাত কোনো ব্যক্তিরা গুদামে আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।