তাইওয়ানে শক্তি প্রয়োগ জারি রাখবে চীন

তাইওয়ানের ওপর শক্তি প্রয়োগ বন্ধ না করার ঘোষণা দিয়েছে চীন। দ্বীপরাষ্ট্রটির চারপাশে সর্বশেষ মহড়া পরিচালনার পর গতকাল বুধবার দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয় এই তথ্য জানিয়েছে। বহিরাগত হস্তক্ষেপ ও বিচ্ছিন্নতাবাদীদের একটি ছোট সংখ্যালঘুর গোষ্ঠীকে লক্ষ্য করে শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানায় বেইজিং।

চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চেন বিনহুয়া নিয়মিত সংবাদ সম্মলনে বলেন, আমরা আন্তরিকতা ও প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনার প্রচেষ্টা করতে ইচ্ছুক। তবে আমরা শক্তি প্রয়োগ ত্যাগ করার মতো কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। এ সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করে চেন বলেন, বহিরাগত শক্তির হস্তক্ষেপ বিষয়টি আরও জটিল করে তুলবে।

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। সোমবার দ্বীপের চারপাশে একটি বড় ধরনের মহড়া করেছে দেশটি। একত্রীকরণ ঠেকানো বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের বক্তব্যের জবাবে সতর্কবার্তা ছিল এই মহড়া। তবে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ানের সরকার বলেছে, শুধু দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।