পুলিশের ৫ ইউনিটে নতুন প্রধান

পুলিশের ১০ জন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচ কর্মকর্তাকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌ পুলিশের নেতৃত্বে আনা হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে সিআইডিতে, মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞাকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।

এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পিবিআইর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।