নরসিংদীতে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে এ বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল বেলা ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি প্রথমে নিহত জুনায়েদ আল হাবিবের বাসায় যায় এবং তার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করে। গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের হামলায় আহত হয়ে টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭ অক্টোবর হাবিব মারা যান। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের অন্যতম ছাত্রদলকর্মী।
গতকাল দুপুর ১২টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপি অফিসসংলগ্ন এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শহীদ রাহাত, হাসান ও রুস্তমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এরপর বিকেল ৩টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি গণআন্দোলনে শহীদ শিক্ষার্থী তাহমিদ তামিমের (১৫) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের বাসায় যায়। সাক্ষাৎকালে উপস্থিত নেতারা তামিমের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এদিকে নরসিংদীর শিবপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ সিয়ামের কবর জিয়ারত ও দোয়া করেছে ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, মিজবাহ প্রমুখ।
এ ছাড়া নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ রনিসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী ফ্যাসিস্টদের বাংলার মাটিতে বিচার হবে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্টদের ও তাদের সব দোসরের বিচার দেশের মাটিতেই হবে।
গতকাল নরসিংদীর রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের স্থানীয় সমন্বয়ক মরজাল ইউনিয়ন ছাত্রদলকর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার প্রতিবাদে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
পথসভার আগে ও পরে তিনি গণআন্দোলনে নিহত শহীদদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
রিজভী আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। তাদের যথার্থ মূল্যায়ন করা হবে।’ ‘আওয়ামী সিন্ডিকেট’ ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি নেতা রিজভী বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে, স্বাধীনতাবিরোধীদের মদদ দেওয়া। আপনারা সুপরিকল্পিতভাবে কোনো জটিলতা তৈরি করবেন না।’
তিনি আরও বলেন, ‘আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এটার জন্য আমাদের সমাজ এখন প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না। নেপালে এটা চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে। একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাক্সক্ষার মিল থাকতে হবে।’
এ সময় শহীদ জুনায়েদের বাবা জসিম উদ্দিনের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভী। বিএনপি তাদের পরিবারের পাশে থাকবে এবং জুনায়েদের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে জুনায়েদের বাবাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।